বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করলো বিএনপি সরকার

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করলো বিএনপি সরকার

নিউজ মিরর ডেস্ক
নির্বাচনী ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করলো বিএনপি সরকার। শুরুতেই দেশের ৩৭ হাজার পরিবারের প্রধান নারীর হাতে তুলে দেওয়া হলো ‘ফ্যামিলি কার্ড’। পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেবে সরকার। এর সঙ্গে আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে বলেও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর বনানী এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে পারভীন বেগমের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর একে একে কড়াইল বস্তি এলাকার ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে ল্যাপটপে বাটন প্রেস করে একযোগে ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে একযোগে ৩৭ হাজার ৫৬৭ জন নারীর বিকাশ একাউন্টে ২৫০০ টাকা জমা হয়ে যায়।

ক্ষমতাগ্রহণের মাত্র ২১ দিনের মধ্যে নির্বাচনী এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন বিএনপির চেয়ারম্যান। পাইলটিং কর্মসূচির অংশ হিসেবে প্রথম পর্যায়ে দেশের ১৪টি জেলার ১৩ সিটি কর্পোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ৩৭ হাজার ৫৬৭ জন নারীর হাতে এই কার্ড বিতরণ করা হয়। কড়াইল বস্তি ছাড়াও মিরপুর অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি, রাজবাড়ীয় পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনায় খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের কর্মসূচি একযোগে চালু করেন সরকারের দায়িত্বশীল নেতারা।

অনুষ্ঠানে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের পেছনে ফেলে বা অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন না করে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের উদাহরণ দিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা বিনা মূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজ আমরা অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে চাই। তাদের সচ্ছল করে তুলতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।

তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে বর্তমানে একটি জবাবদিহিমূলক ও জনপ্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের কাজ শুরু হয়েছে।

কৃষকদের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমরা সরকারের পক্ষ থেকে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছি। একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দেব।

ফ্যামিলি কার্ড চালুকে ‘ঐতিহাসিক ও আবেগঘন’ উল্লেখ করে তারেক রহমান বলেন, বহু বছর ধরে আমরা বসে বসে এই পরিকল্পনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আজ সেই দিনটি উপস্থিত, যেদিন আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। এ জন্যই আজকের দিনটি আমার জন্য আবেগঘন।

মধ্যপ্রাচ্যের অস্থিরতাসহ সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা বর্তমান সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তা থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করব না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্রবিশেষে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে হয়তো সময় বেশি লাগতে পারে। তাই সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করছি।

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ ঢাকার বিভিন্ন আসনের বিএনপির সংসদ সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo