
সিলেটে সরকারি যাকাত ফান্ড থেকে ১৭১ জন দুস্থ ও অসহায় মানুষকে ১৭ লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দুস্থ ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে দুস্থ মানুষের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এ সময় তিনি বলেন, সরকারি যাকাত ফান্ড যত শক্তিশালী হবে, দারিদ্র্য নিরসন তত সহজ হবে। সরকার যাকাত ব্যবস্থাপনাকে সুন্দর করে তুলতে যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন করেছে। দারিদ্র্যমুক্ত দেশ গঠনে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, সরকারি যাকাত ফান্ডে যে অর্থ জমা হয়, সেই অর্থের ৮০ শতাংশ স্থানীয় এলাকায় পবিত্র কুরআনে বর্ণিত খাতসমুহে শরিয়া মোতাবেক ব্যয় করা হয়। প্রাকৃতির দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও কর্মহীনদের জরুরি সহায়তা, দুস্থ-অসহায়দের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে জেলা ও উপজেলা যাকাত কমিটির মাধ্যমে এই অর্থ বিতরণ হয়। তাই দেশের সামগ্রিক দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম আরও বলেন, নামাজ ও রোজার মতোই যাকাত একটি ফরজ বিধান। এই বিধানকে অস্বীকার করলে মুসলিম থাকার কোনো সুযোগ নেই। মানুষের ভাগ্য পরিবর্তন এবং শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সুষ্ঠু যাকাত বন্টনব্যবস্থার বিকল্প নেই। যাকাতের মূল লক্ষ্য হচ্ছে গ্রহীতাকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা, যাতে আজকের গ্রহীতা আগামীতে যাকাত দিতে পারে, স্বাবলম্বী হতে পারে।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে সিলেট জেলায় সংগৃহীত ২১ লক্ষ ২৯ হাজার পাঁচশত টাকার ৮০ শতাংশ স্থানীয়ভাবে বিতরণের জন্য কেন্দ্রীয় যাকাত তহবিল হতে প্রাপ্ত ১৭ লক্ষ তিন হাজার ছয়শত টাকা সিলেট সিটি করপোরেশন ও জেলার ১৩ উপজেলার প্রত্যয়নকৃত ১৭১ দুস্থ, অসহায়, এতিম ও বিধবাদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, যাকাত বোর্ডকে আরও গতিশীল করে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে যাকাত আদায় ও বিতরণ করলে দারিদ্র বিমোচন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচারণা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আলম।
-প্রেস বিজ্ঞপ্তি