শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বিএনপি নেতা রহিমের বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ ১৭ বছরের স্বৈরশাসকের পতনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : মাহবুব চৌধুরী রাজনৈতিক জীবনে সুহেল চৌধুরীর শূন্যতা খুব বেশিই মিস করবো : হুমায়ুন কবির সিলেটে আগামী কয়েক দিন বজ্রবৃষ্টির আভাস ঈদের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল নেতা শাহ্ সুলেমান পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে ৭০টি হারানো মোবাইল ফিরিয়ে দিলো পুলিশ সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু : প্রথম দিনেই বিরোধী দলের ওয়াক আউট সিলেটে পুলিশের উপর হামলাকারি সেই পিকআপ চালক কারাগারে
সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু : প্রথম দিনেই বিরোধী দলের ওয়াক আউট

সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু : প্রথম দিনেই বিরোধী দলের ওয়াক আউট

নিউজ মিরর ডেস্ক
সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো বংলাদেশে। দীর্ঘ বছর পর দেখা গেলো রোমাঞ্চ আর উত্তেজনায় ভরা একটি প্রাণবন্ত জাতীয় সংসদের। যেখানে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে সংসদ। তীব্র প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করলো জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল।

হট্টগোল ও বিরোধী দল জামায়াতে ইসলামী-এনসিপি সংসদ সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় বিরোধী দলের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের বিচার ও বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন এবং পরে কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেন।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও সংসদীয় সূত্র জানায়, অধিবেশনের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানান। স্পিকারের এই আহ্বানের পরপরই জামায়াতে ইসলামী ও এনসিপি সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

বিরোধী দলের সদস্যদের প্রদর্শিত প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’সহ বিভিন্ন প্রতিবাদী লেখা তুলে ধরা হয়। সংসদ কক্ষের ভেতরে উচ্চস্বরে হইচই ও হট্টগোল শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন বারবার সবাইকে শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান জানান।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশনে প্রবেশ করেন এবং স্পিকারের আসনের পাশে নির্ধারিত আসনে বসেন।

এর আগে সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে বৃহস্পতিবার বেলা ১১টা ৫মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন-সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান বিএনপির মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে সমর্থন জানালেন সংসদে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তাঁর সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হলো।

এরপর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই তিনি স্পিকার নির্বাচনের প্রসঙ্গ তুলেন। তিনি জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য (ভোলা-৩) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ‘হ্যাঁ’ জয়যুক্তের মাধ্যমে তাকে স্পিকার নির্বাচিত করা হয়।

পরে ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। এরপর সংসদ অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি করা হয়।

বেলা ১২ টা ৫৫ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর আসনে বসেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে স্পিকারের মাইকে শব্দ হচ্ছিল না। এ কারণে শুরু হয় জোহরের নামজের পর।

আসনে বসে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আর এই সংসদ গণতন্ত্রের প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।

স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আজকের এই সংসদ, বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, এই সংসদকে সরকার প্রাণবন্ত করে তুলতে চায়।

এরপর বিরোধী দলের নেতা জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধী দলের নেতা। স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমীর বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।

এরপর সংসদে শোকপ্রস্তাব আনা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি।
এছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়।

এ সময় চিফ হুইপ বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নাম শোকপ্রস্তাবে আনার কথা বলেন।

পরে বিরোধীদলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, শোকপ্রস্তাবটি একপেশে। তিনি মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসহ বিভিন্ন নেতাদের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা বলেন। স্পিকার বলেন, নামগুলো অন্তর্ভুক্ত করা হবে।

শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এরপর শোক প্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হয়। এরপর শহীদ জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা হয়। খালেদা জিয়া ও জুলাই যোদ্ধাদের শোকপ্রস্তাব নিয়ে আলোচনার পর শোকপ্রস্তাব গৃহীত হলো বলে ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এরপর রাষ্ট্রপতিকে ভাষণের আহবান করেন স্পিকার। বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতির ভাষণ শেষ হয়। এর পরপরই অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার। বিরোধীদলীয় সদস্যরা আর সংসদ অধিবেশনে যোগ দেননি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo