শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
এসএমপির সাঁড়াশি অভিযান : ৪ দিনে গ্রেফতার ৪১৫ জন

এসএমপির সাঁড়াশি অভিযান : ৪ দিনে গ্রেফতার ৪১৫ জন

স্টাফ রিপোর্ট
সিলেট মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এসএমপির বিশেষ সাড়াশি অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, সন্দেহভাজন ও চোরাচালানকারিসহ মোট ৬৬ জনকে আটক করা হয়েছে। এনিয়ে গত ৪ দিনে সিলেট মহানগর এলাকা থেকে ৪১৫ জনকে আটক করেছে পুলিশ।

এসএমপি সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৬ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এছাড়া এসএমপি ডিবির অভিযানে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। শাহপরান (র.) থানা পুলিশের অভিযানে ১২৫ পিস ভারতীয় ফেইসওয়াশ, ১৪৬ পিস মেহেদী এবং ৫২৫ পিস ভারতীয় চকলেট উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ জনকে আটক করা হয়েছে। মাদকসহ ও মাদকসেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, মহানগরের বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৩ জনকে ও মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় ১০ জনকে আটক করা হয়। নিয়মিত মামলা ও সন্দেহভাজন হিসেবে আরও ১৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে একজন চোর ও চারজন হকারকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২৪ ঘন্টায় (১১ মার্চ) মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিশেষ সাড়াশি অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, সন্দেহভাজন ও চোরাচালানকারিসহ মোট ৭১ জনকে আটক করা হয়েছে।

১০ মার্চ (২৪ ঘন্টায়) পৃথক অভিযানে আরো ৫৬ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, সন্দেহভাজন ও চোরাচালানকারি রয়েছেন।

৯ মার্চ (২৪ ঘন্টায়) বিশেষ সাড়াশি অভিযানে মহানগরের বিভিন্ন এলাকা থেকে আরো ৮২ জনকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

৮ মার্চ (২৪ ঘন্টায়) মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিশেষ সাড়াশি অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, সন্দেহভাজন ও চোরাচালানকারিসহ আরো মোট ১৪০ জনকে আটক করে পুলিশ ও ডিবি পুলিশ।

এ নিয়ে গত ৪ দিনে সিলেট নগরী থেকে বিশেষ সাড়াশি অভিযানে মোট ৪১৫ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইসহ নগর এলাকায় অপরাধ কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিন অভিযান জোরদার করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo