রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সুনামগঞ্জে হাওড়ের বাঁধ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২

সুনামগঞ্জে হাওড়ের বাঁধ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২

নিউজ মিরর ডেস্ক
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওড়ে বাঁধ কাটা কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওড়ের পানি নিষ্কাশন নিয়ে দীর্ঘদিন ধরে কাশিপুর ও শান্তিপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে মতবিরোধ চলছিল। টানা বৃষ্টিতে ফসলি জমিতে পানি জমে ক্ষতির আশঙ্কা দেখা দিলে শনিবার সকালে কাশিপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির আলী মেম্বারের নেতৃত্বে প্রায় ২০–২৫ জন শান্তিপুর গ্রামের পাশের কানাইখালী নদীর একটি বাঁধ কাটতে যান।

এ সময় শান্তিপুর গ্রামের লোকজন এতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিপুর গ্রামের ইউপি সদস্য আমির আলী বলেন, টানা বৃষ্টিতে নলচুন্নি হাওড়ের ফসল পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং কানাইখালী নদীর বাঁধের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। তাই পানি নামানোর জন্য বাঁধ কাটতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে শান্তিপুর গ্রামের কৃষক সানোয়ার হোসেন দাবি করেন, পাঠামারা খালের বাঁধ না কেটে শুধু কানাইখালী নদীর বাঁধ কাটা হলে তাদের গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাবে। তিনি বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দুটি বাঁধই কাটার কথা থাকলেও একতরফাভাবে একটি বাঁধ কাটতে যাওয়ায় তারা বাধা দেন, এতে সংঘর্ষের ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, পানি নিষ্কাশনের জন্য পাঠামারা খাল ও কানাইখালী নদীর উভয় বাঁধ কাটার বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত ছিল। কিন্তু একটি বাঁধ না কেটে অন্যটি কাটতে যাওয়ায় বিরোধ সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo