
নিজস্ব প্রতিবেদক
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার রাত ৯টায় তিনি শহীদ মিনার প্রাঙ্গণ পরিদর্শন করে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “আমরা স্বাধীনতার পঞ্চান্নতম বছরে পদার্পণ করেছি। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে তিনি জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন এবং শুধু ঘোষণাই নয়, দীর্ঘ ৯ মাস সম্মুখ সমরে যুদ্ধ করেছেন।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে দেশ স্বাধীন হয়। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জকিগঞ্জ-কানাইঘাট এলাকা থেকে শুরু করে এমসি কলেজ এলাকায় সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে ১৫ ডিসেম্বর সিলেট অঞ্চলকে শত্রুমুক্ত করেন। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান অপরিসীম।”
এ সময় তিনি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন। সেই সময়ে তাঁর সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোও তাঁর সঙ্গে বন্দিশালায় ছিলেন।
স্বাধীনতা দিবস উদযাপন প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহীদ মিনারকে যথাযথভাবে প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সকলে শহীদ মিনারে এসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আগামীকাল আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করব।”
শহীদ মিনার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিক সচিব মো. আশিক নূর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাবেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।