
নিউজ মিরর ডেস্ক
তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কাজ করা প্ল্যাটফর্ম ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক এর উদ্যোগে “এমপ্লয়ার্স মিট-আপ সেশন” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট নগরীর সাপ্লাইরোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আরশি হোর। স্বাগত বক্তব্য প্রদান করেন মো. সারওয়ার উদ্দিন। পরবর্তীতে ক্যারিয়ার হাবের কার্যক্রম ও লক্ষ্য নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন রেহানা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপ, ছুটি গ্রুপ, ইউসেপ, ব্র্যাক ব্যাংক, আড়ং সহ সিলেটের ১৮ টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফলতার গল্প শেয়ারিং পর্ব, যেখানে ক্যারিয়ার হাবের সার্ভিস গ্রহণ করেছেন এমন কিছু পার্টিসিপ্যান্টস তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর বর্ষা রায়ের সঞ্চালনায় একটি উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী নিয়োগদাতারা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন মো. সারওয়ার উদ্দিন। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, গ্রুপ ফটো সেশন এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই মিট-আপের মাধ্যমে ক্যারিয়ার হাব নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রত্যাশা ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করে যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না, অনেকক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো চাহিদামতো এমপ্লয়ি পায়। চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের মধ্যে ব্যবধান কমিয়ে একটি কার্যকর যোগসূত্র গড়ে তুলতে কাজ করছে ক্যারিয়ার হাব। ক্যারিয়ার হাব-এর মাধ্যমে নিয়োগ পরীক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি এবং চাকরিপ্রার্থীদের আত্মবিশ্বাস গড়ে তুলতে কাজ করছে। ব্র্যাক এর এই উদ্যোগ দেশে বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখবে করে আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।