বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
জৈন্তাপুরের বালুখেকোদের দৌরাত্ম্য : সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি!

জৈন্তাপুরের বালুখেকোদের দৌরাত্ম্য : সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি!

https://newsmirror24.news/
জৈন্তাপুরের লালাখাল নদী থেকে তোলা বালু পরিবহনের জন্য ট্রাকের সারি। ইনসেটে- হুমকিদাতা সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী।

বিশেষ প্রতিবেদক
সিলেটের লালাখাল নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজি থামছে না। সম্প্রতি প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করলেও বালুখেকোদের দৌরাত্ম্য কমছে না। বালু উত্তোলন নিয়ে সংবাদ ও ভিডিও প্রকাশের জেরে স্থানীয় এক সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন এক শ্রমিক নেতা।

উপজেলার সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গত শনিবার রাতে জৈন্তাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক একাত্তরের কথার জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলাম।

নাজমুলকে মোবাইল ফোনে হুমকির ৪ মিনিট ৬ সেকেন্ডের একটি অডিও ফাঁস হয়। ওই অডিওতে আমির আলীকে বলতে শোনা যায়, ‘তুমি কয়েক হাজার শ্রমিকের পেটে লাথি মারতেছো…। তুমি বালু উত্তোলনের খবর ইউএনও অফিসে দেও…। বেশি বাড়াবাড়ি করবায় না। বেশি বাড়াবাড়ি করলে তুমার হাত কাটি ফালাই দিমু।’

জানা গেছে, জৈন্তাপুরের লালাখাল নদী এলাকা একটি পর্যটন কেন্দ্র। সারী নদীর উৎসমুখ থেকে প্রায় ১২ কিলোমিটার এলাকাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে সারী-১ এলাকার বালুমহাল ইজারাভুক্ত। অপরদিকে সারীঘাট থেকে লালাখাল জিরো পয়েন্ট পর্যন্ত সারী-২ ও ৩ বালুমহাল এলাকা ইজারার বাইরে রয়েছে। এর মধ্যে সারী-৩ বালুমহাল নিয়ে মামলা চলমান থাকার কারণে ইজারা বন্ধ রাখা হয়েছে। কিন্তু বালুখেকোরা সারী-২ ও ৩ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

সরেজমিন দেখা গেছে, স্থানীয় কয়েকটি বালুখেকো চক্র নদী থেকে অবৈধভাবে তোলা বালু ট্রাকযোগে পরিবহনের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলজিইডির রাস্তা কেটে নদী পর্যন্ত নিজস্ব রাস্তা করেছে। প্রতিদিন শত শত নৌকা দিয়ে বালু তোলার পর নদীতীরে স্তূপ করা হয়। পে-লোডার দিয়ে ট্রাকে তুলে তা নানা জায়গায় পরিবহন করা হচ্ছে। এতে নৌকাপ্রতি ৯০০ টাকা ও ট্রাকপ্রতি ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছেন শ্রমিক নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের কিছু লোকের মদদে বালুখেকোরা বালু উত্তোলনের সুযোগ পাচ্ছে। সম্প্রতি সেখানে একাধিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। সর্বশেষ ২১ ডিসেম্বর সারী-৩ লালাখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

হুমকির অভিযোগের বিষয়ে আমির আলীর ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে তারা ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন বলে জানান সারীঘাট বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুক আহমেদ।

এ বিষয়ে জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সাংবাদিককে হুমকির ফোনালাপের অডিওটি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo